সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি আরবে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সাত বাংলাদেশির সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান। তার দুই ছেলে ও এক মেয়েও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। একই প্রতিষ্ঠানে ফর্কলিফট চালক হিসেবে কর্মরত ইলিয়াসের স্ত্রীও নিহত হয়েছেন।
এ ছাড়া মক্কায় কর্মরত ওই প্রতিষ্ঠানের স্টোরকিপার আলমশাহ এবং তার এক মাস বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের বরাতে নিহতদের পরিচয় ও দুর্ঘটনার এসব তথ্য জানা গেছে।
চকরিয়ার একই উপজেলার সাতজনের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Comments