সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। শনিবার (৭ নভেম্বর)মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতদের পরিচয় সম্পর্কে পাওয়া তথ্যে জানা যায়, তারা সবাই সৌদি আরবের আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সংশ্লিষ্ট পরিবারের সদস্য।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। এছাড়া ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশুও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
প্রতিষ্ঠানটির কার্যালয় সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় রয়েছে বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনাটি কখন এবং কোথায় ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ কিংবা নিহতদের গ্রামের বাড়ির পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ, দেশটির গণমাধ্যম অথবা রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে দুর্ঘটনার বিস্তারিত পরিস্থিতি ও নিহতদের পরিচয় সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।
Comments