সদস্যপদ স্থগিত, লাইভে এসে যা বললেন তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর মধ্যকার বিরোধ এবার নতুন করে আলোচনায় এসেছে। দুই অভিনেত্রীর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেছেন তানজিন তিশা।
শুটিং সেটে ঘটে যাওয়া বিরোধ, পরবর্তী সালিশ বৈঠক এবং সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। পাশাপাশি গত কয়েক মাসে নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও বিতর্কের বিষয়েও কথা বলেন অভিনেত্রী।
জানা গেছে, গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীকে পৃথক চিঠির মাধ্যমে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত জানায় অভিনয়শিল্পী সংঘ। এর আগে গত ৭ জুলাই তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে সংগঠনের ভাষ্য অনুযায়ী, ওই নোটিশের কোনো জবাব দেননি তানজিন তিশা ও সামিয়া অথৈ। বিরোধ নিষ্পত্তিতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও সমঝোতা না হওয়ায় সংগঠনটি এ সিদ্ধান্ত নেয়।
সদস্যপদ স্থগিতের খবর প্রকাশের পরপরই লাইভে এসে শুটিং সেটের ঘটনার বিষয়ে নিজের ব্যাখ্যা দেন তিশা। তিনি বলেন, নাটকের চরিত্রের প্রয়োজনে অভিনয় করা দৃশ্য দর্শকরা দেখেছেন। সেখানে কোনো কাটছাঁট করা হয়নি। কে আগে আক্রমণ করেছেন এবং কে নিজেকে নির্যাতিত হিসেবে উপস্থাপন করেছেন, তা দর্শকরাই বুঝতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত সালিশ বৈঠকের বিষয়েও কথা বলেন তানজিন তিশা। তার দাবি, বৈঠকে দুই অভিনেত্রীকে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি একটি ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। তবে সামিয়া অথৈ ভিডিওটি জমা দেননি এবং তিনিও ব্যক্তিগত কারণে তা পাঠাতে পারেননি।
এ বিষয়ে তিশা বলেন, নোটিশের নির্দেশনা পালন না করার কারণেই তাকে সদস্যপদ স্থগিতের চিঠি দেওয়া হয়েছে। সংগঠনের সিদ্ধান্তের বিষয়ে তিনি নিজের প্রতিক্রিয়াও জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত বিরোধ প্রকাশের বিষয়েও নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, কোনো সমস্যা তৈরি হলে তা সংশ্লিষ্ট সংগঠনের মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। প্রকাশ্যে অভিযোগ তুলে কারও সম্মানহানি কিংবা পেশাগত ক্ষতি করার চেষ্টা সমর্থনযোগ্য নয়।
লাইভে গত এক বছরে তাকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের প্রসঙ্গও তোলেন তিশা। আলোচিত 'শাড়ি-কাণ্ড' উল্লেখ করে তিনি জানান, সময়ের সঙ্গে সব ঘটনার প্রকৃত বিষয় সামনে আসবে বলে তিনি বিশ্বাস করেন।
নিজের অবস্থানে দৃঢ় থাকার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, গত আট মাসে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি কাজ থামাননি। ভবিষ্যতেও হাল ছাড়বেন না। নিজের কোনো ভুল নেই বলেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে এ কথা বলতে পারছেন বলে জানান।
উল্লেখ্য, গত ৩ মার্চ মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদারের একটি নাটকের শুটিং চলাকালে তানজিন তিশা ও সামিয়া অথৈর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন সামিয়া। তবে অভিযোগ অস্বীকার করে তিশার বক্তব্য ছিল, নাটকের চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজনে সংশ্লিষ্ট দৃশ্য ধারণ করা হয়েছিল।
সেই শুটিংকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ, পাল্টাপাল্টি বক্তব্য ও সাংগঠনিক সালিশের ধারাবাহিকতায় এবার দুই অভিনেত্রীর সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত এসেছে।
Comments