প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
দেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
শনিবার (৭ নভেম্বর) সংস্থাটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, 'লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম'-এর আওতায় এ অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পর্ষদ। শুক্রবার এ অনুমোদন দেওয়া হয়।
বিশ্বব্যাংকের এ ঋণ বাংলাদেশের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে। কর্মসূচিটির মাধ্যমে দেশের প্রায় ২ কোটি ৬০ লাখ শিশু উপকৃত হবে। তারা উন্নত শ্রেণিকক্ষ, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং স্কুল ইউনিফর্মের সুবিধা পাবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক পরিচালক জ্যঁ পেসম বলেন, গত দুই দশক ধরে বাংলাদেশের শিশুদের শিক্ষার আওতায় আনতে সহায়তা করে আসছে বিশ্বব্যাংক। নতুন এ অর্থায়নের ফলে শিশুরা শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ে পড়াশোনা অব্যাহত রাখার ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবে।
প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিশুদের শিখন দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Comments