পাহাড় ডাকলে বয়স মানে না মন
দুঃসাহসিক এক যাত্রার ডাক। মন বলছে, বেরিয়ে পড়ো, দেখে এসো পাহাড়ের ওপারে কী অপেক্ষা করছে। বয়স আবার মনে করিয়ে দিচ্ছে, এই বয়সে এতটা ধকল নেওয়া কি ঠিক হবে? শরীর সঙ্গ দেবে তো? মনের সাহস আর বয়সের সংশয়ের এই টানাপোড়েন নিয়েই 'চলো দেশটা ঘুরি শেয়ারে' গ্রুপের হোস্ট মিনহাজ ও বাসেতকে একের পর এক প্রশ্ন করেছি। শেষ পর্যন্ত তাঁদের আশ্বাস আর নিজের মনের জোরকে সম্বল করে বেরিয়ে পড়লাম থানচি–রুমা সার্কিটের চার দিনের অভিযানে।
এবারের পূজার ছুটিকে শুধু ছুটি কাটানোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি। চেয়েছিলাম, স্মৃতির অ্যালবামে বাঁধাই করে রাখার মতো কিছু মুহূর্ত। যে মুহূর্তগুলো মনে করিয়ে দেবে, জীবন কেবল দায়িত্ব পালনের নাম নয়; কখনো কখনো নিজের গণ্ডি পেরিয়ে অজানার পথেও বেরিয়ে পড়তে হয়।
পাহাড়ের পথে যাত্রা
রাত প্রায় দুইটা। কর্ণফুলী নতুন ব্রিজ থেকে চকরিয়ার উদ্দেশে যাত্রা শুরু। সঙ্গে রহমান, মিজান, রবিউল, জেসি, তানবীর, আমির ও ইউছুপসহ একদল ভ্রমণসঙ্গী। ভোরে চকরিয়ায় পৌঁছে ঢাকা থেকে আসা অন্যদের সঙ্গে মিলিত হলাম। পুরোনো ভ্রমণসঙ্গী পিয়াস, মারুফ ও মুহিতকে পেয়ে মনে হলো, নতুন অভিযানের আগেই খুলে বসেছি পুরোনো স্মৃতির ঝাঁপি। সবাই একত্র হওয়ার পর সকালের নাশতা সেরে চড়ে বসলাম চাঁদের গাড়িতে। গন্তব্য থানচি।
আঁকাবাঁকা পাহাড়ি পথ, দুপাশে সবুজের সমারোহ, দূরে মেঘে ঢাকা পাহাড়ের সারি—প্রতিটি বাঁক যেন প্রকৃতির নতুন ছবি। কখনো ক্যামেরায় দৃশ্য বন্দি করেছি, কখনো ক্যামেরা নামিয়ে শুধু তাকিয়ে থেকেছি। কারণ কিছু সৌন্দর্য ছবিতে ধরা পড়ে, আর কিছু থেকে যায় মনের গভীরে।
থানচিতে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে আবার গাড়িতে চড়া। এরপর বাকলাই পাড়ার পথে নেমে শুরু হলো হাঁটা। গন্তব্য খাইক্ষ্যংপাড়া। পাহাড়ি পথে কোথাও খাড়া চড়াই, কোথাও পিচ্ছিল ঢাল, কোথাও জিরি পার হতে হয়েছে, আবার কোথাও বাঁশের সাঁকো। হাঁটতে হাঁটতে পা ভারী হয়ে আসছিল। এরই মধ্যে শুরু হলো বৃষ্টি, সঙ্গে ভয়ংকর বজ্রপাত আর জোঁকের উৎপাত।
প্রকৃতির সৌন্দর্য যতটা মুগ্ধ করে, তার রুদ্ররূপ ততটাই অসহায় করে দিতে পারে। তবু থামিনি। বিশ্রাম নিয়ে আবার হেঁটেছি। প্রায় পাঁচ ঘণ্টার ক্লান্তিকর পথ পেরিয়ে সন্ধ্যার মুখে পৌঁছালাম খাইক্ষ্যংপাড়ায়।
নুডলস, মুরগি আর এক পরিবারের গল্প
দীর্ঘ পথের ক্লান্তি আর তীব্র ক্ষুধা মেটাতে প্রথম আয়োজন নুডলস ও জাম্বুরার ভর্তা। সাধারণ খাবার, অথচ স্বাদ যেন রাজকীয়! এরপর শুরু হলো রাতের রান্না। কেউ পেঁয়াজ-রসুন কাটছে, কেউ মুরগি পরিষ্কার করছে, কেউ রান্নায় সাহায্য করছে। ইউছুপের হাতের মুরগির রান্না আর সবার সম্মিলিত আয়োজন মিলিয়ে রাতের খাবার হয়ে উঠল উৎসব।
শহরের ব্যস্ত জীবনে আমরা কত মানুষের সঙ্গে চলি, অথচ সবাইকে আপন করে নেওয়া হয় না। পাহাড়ের নির্জনতায় কয়েক দিনের পরিচয়েই একদল মানুষ যেন পরিবারের অংশ হয়ে উঠল। দিনের ভয়, ক্লান্তি আর পথের কষ্ট রাতের আড্ডায় কোথায় মিলিয়ে গেল!
পরদিন সকালে স্থানীয় গাইডকে সঙ্গে নিয়ে গেলাম সাইফি ঝরনায়। প্রায় এক ঘণ্টা হাঁটার পর পাহাড়ের বুক চিরে নেমে আসা শীতল জলধারার সামনে দাঁড়ানো। কিছুক্ষণ প্রকৃতির সান্নিধ্যে কাটিয়ে ফেরার পথে হাফসা আপুর ট্রেকিং স্যান্ডেলের তলা খুলে গেল। স্থানীয় গাইড সেটি সেলাই করে দেওয়ার পর আবার শুরু হলো যাত্রা।
এবার ডাবল ফলস। প্রায় দেড় ঘণ্টার দুর্গম পথ, পিচ্ছিল মাটি আর খাড়া বাঁশের সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়েছে। দূর থেকে ঝরনার গর্জন শুনতেই পথের ক্লান্তি যেন উধাও। সামনে অপূর্ব জলধারা, চারপাশে সবুজ পাহাড়। ঝরনার পাশে কলাপাতায় নুডলস খাওয়া, ছবি তোলা আর শীতল জলে গোসল সব মিলিয়ে এক অন্য রকম আনন্দ।
ফেরার পথে ঝুমচাষের জমি দেখতে দেখতে পৌঁছালাম পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা একটি মাচাংঘরে। সেখানে লেবুর শরবত পান আর টুকটাক আড্ডা। মনে হলো, পৃথিবীর সব গল্প বইয়ের পাতায় লেখা থাকে না। কিছু গল্প লেখা থাকে পাহাড়ের নীরবতায়, মানুষের সরলতায় আর প্রকৃতির নিবিড় সান্নিধ্যে।
রাতে পাড়ায় ফিরে আবার রান্নার আয়োজন। এবার হাঁসের মাংস। পরিষ্কার করা থেকে রান্না শেষ হতে রাত প্রায় বারোটা। দীর্ঘ প্রতীক্ষার পর সেই খাবার যেন অমৃত। পাহাড়ে খাবারের আনন্দ শুধু স্বাদে নয়; কোথায়, কাদের সঙ্গে, কী পরিস্থিতিতে খাচ্ছি সেই অভিজ্ঞতাই সাধারণ খাবারকে অসাধারণ করে তোলে।
জাদিপাই ঝরনার সামনে
পরদিন সকালের নাশতা সেরে যাত্রা শুরু হলো জাদিপাই ঝরনার উদ্দেশে। পাহাড়ি পথ ধরে প্রায় দুই ঘণ্টা হাঁটার পর পৌঁছালাম এমটিএস পাড়ায়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এগিয়ে চললাম জাদিপাই জুমের দিকে। বিস্তৃত সবুজ পাহাড়, মাঝেমধ্যে মাচাংঘর মনে হচ্ছিল, প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে এক অপূর্ব ক্যানভাস।
সেখান থেকে পাহাড় বেয়ে আরও নিচে নামতে হলো। প্রায় দুই ঘণ্টা হাঁটার পর জিরির শীতল পানিতে গলা ভিজিয়ে আবার এগিয়ে চলা। সিঁড়ি বেয়ে নিচে নামতেই সামনে জাদিপাই ঝরনা।
অবিশ্বাস্য সুন্দর! পাহাড়ের বুক চিরে নেমে আসা জলধারার নিচে রোদের আলোয় ফুটে উঠেছে এক টুকরো রংধনু। দীর্ঘ পথের ক্লান্তি মুহূর্তেই ভুলে গেলাম। ঝরনার শীতল জলে নেমে মনে হচ্ছিল, সময়টা এখানেই থেমে থাকুক। কিন্তু পাহাড়ি অভিযানে আনন্দেরও সময়সীমা আছে। ট্যুরমেটদের ডাকাডাকিতে শেষ পর্যন্ত উঠতে হলো।
শুরু হলো ফিরতি যুদ্ধ। পাহাড় বেয়ে ওপরে ওঠা নামার চেয়ে কয়েক গুণ কঠিন। পা ভারী, নিঃশ্বাস দ্রুত, শরীর বারবার বিশ্রাম চাইছে। তবু এগোতে হয়েছে। পথে এমটিএস পাড়ায় টক জাম্বুরা, কলা আর লেবুর শরবত খেয়ে আবার হাঁটা। সন্ধ্যার দিকে বৃষ্টি নামল। পিচ্ছিল পথে সতর্ক পায়ে এগিয়ে অবশেষে ফিরলাম খাইক্ষ্যংপাড়ায়।
বিদায় ও বাকলাই ঝরনার হাতছানি
সকালে পাড়া ছাড়ার সময় মন কিছুতেই সায় দিচ্ছিল না। কয়েক দিনের পরিচয়, অথচ মনে হচ্ছিল কত দিনের আপনজন ছেড়ে যাচ্ছি। আশ্রয়দাতা বয় দাদা ও দিদির সঙ্গে ছবি তুলে বিদায় নিলাম। ক্যামেরায় দৃশ্য ধরে রাখা যায়, কিন্তু মানুষের প্রতি মায়া ধরে রাখা যায় না।
এরপর বাকলাই পাড়ার পথে হাঁটা। চার-পাঁচ ঘণ্টার পাহাড়ি পথ পেরিয়ে ওয়াই-জংশনে পৌঁছালাম। দলের অধিকাংশ বিশ্রামের জন্য এগিয়ে গেলেও বাকলাই ঝরনার হাতছানি উপেক্ষা করতে পারলাম না আমরা পাঁচজন—আমি, জেসি, রহমান, মিজান ও মিথুন।
খাড়া পাহাড়ে দড়ি ও বাঁশের সাহায্যে অত্যন্ত সতর্কভাবে নিচে নামতে হলো। শরীর তখন ক্লান্তিতে অবসন্ন। তবু মনের মধ্যে একটাই আকাঙ্ক্ষা—এত কষ্টের বিনিময়ে পাওয়া ঝরনাটিকে চোখ ভরে দেখা।
অবশেষে বাকলাই ঝরনার সামনে দাঁড়িয়ে মনে হলো, প্রকৃতির বিশালতার সামনে মানুষ কত ক্ষুদ্র! ওপর থেকে নেমে আসা জলধারার উচ্চতা আর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। বয়সের সংশয়, শরীরের সীমাবদ্ধতা আর মনের ভয়কে সঙ্গে নিয়েই যে যাত্রা শুরু করেছিলাম, এই মুহূর্ত যেন তারই পুরস্কার।
ঝরনা দেখে বাকলাই পাড়ায় ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চাঁদের গাড়িতে থানচির পথে রওনা হলাম। চার দিন পর পেট ভরে ভাত আর পাহাড়ি গয়ালের মাংস খাওয়ার আনন্দ ছিল অন্য রকম। এরপর চকরিয়ার পথে যাত্রা। গাড়ি এগিয়ে যাচ্ছিল, পেছনে পড়ে থাকছিল পাহাড়, ঝরনা, জুম, মাচাং আর অজস্র স্মৃতি।
পাহাড়ের কাছে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি
এই চার দিনের অভিযান আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে, বয়স জীবনের একটি হিসাব মাত্র, সম্ভাবনার শেষ সীমা নয়। অবশ্যই শরীরের সক্ষমতা ও বাস্তবতার সীমা বুঝতে হবে, প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কিন্তু শুধু বয়সের অজুহাতে মনের সব ইচ্ছাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়ারও কোনো মানে নেই।
জীবন তো একটাই। যত দিন পারি, প্রকৃতির কাছে যেতে চাই, অচেনা পথের গল্প শুনতে চাই, নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে চাই। কোনো ঝরনার শীতল জলে, পাহাড়ের চূড়ায় কিংবা অচেনা পাড়ার ছোট্ট মাচাংয়ে বসে খুঁজে নিতে চাই নিজের ভেতরের হারিয়ে যাওয়া প্রশান্তিটুকু।
হয়তো আবার কোনো ছুটিতে অন্য কোনো পাহাড় ডাক দেবে। মন বলবে, চলো, দেখে আসি পাহাড়ের ওপারে কী অপেক্ষা করছে!
আর আমি? বয়সের সংশয়কে সঙ্গী করেই হয়তো আবার বেরিয়ে পড়ব। কারণ কিছু যাত্রার শেষ হয় বাড়ি ফেরার মধ্য দিয়ে, কিন্তু সেই যাত্রা যে আকাঙ্ক্ষার জন্ম দেয়, তার শেষ নেই। তাই বলতেই হয়, পাহাড় থেকে ফিরে এসেছি, পাহাড়কে পেছনে ফেলে আসতে পারিনি।
Comments