ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান ধর্মমন্ত্রীর
ইসলামের প্রচার ও প্রসারে ইমাম-আলেমদের অবদানের কথা উল্লেখ করে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, আলেমদের জন্য প্রয়োজনে নিজের রক্ত দিতেও তিনি দ্বিধা করবেন না।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ধর্মমন্ত্রী।
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের ইমাম, আলেম ও কওমি ওলামায়ে কেরাম ইসলামের ধারক-বাহক। তাদের কল্যাণে প্রয়োজনে রক্ত দেওয়ার প্রয়োজন হলেও তিনি পিছপা হবেন না বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাদ্রাসায় যৌন নিপীড়নসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে উদ্বেগ জানান ধর্মমন্ত্রী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ যেন উসকানি ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেন তিনি।
একই সঙ্গে জুমার খুতবায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধের কুফল তুলে ধরতে ইমামদের প্রতি আহ্বান জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সমাজে ইমামদের প্রতি মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে অপরাধ প্রতিরোধে তাদের সক্রিয় ভূমিকা রাখার ওপর জোর দেন তিনি।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে সংগঠনটির নেতারা ইমামদের বেতন-ভাতা বৃদ্ধি এবং পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানের দাবি তুলে ধরেন।
Comments