গোপালগঞ্জে ব্রাদার্সের কাছে ২-১ গোলে ঢাকা আবাহনীর হার
বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের পঞ্চম ম্যাচে এসে পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলি রেজার জোড়া গোলে অবশেষে জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। জয় ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে ২-১ গোলে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল পৌনে তিনটায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে মাঠে নামে ব্রাদার্স। ম্যাচের প্রথমার্ধের শুরুতে দুই আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা শুরু করে।
ম্যাচের প্রথমার্ধের দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আবাহনী। সজিবের ক্রস থেকে হেড করেন বাবাতুঙ্গে। তবে তার হেডটি অল্পের জন্য পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ১৫তম মিনিটে বক্সের ভেতর থেকে আলামিনের কাটব্যাকে পা ছোঁয়াতে ব্যর্থ হন সবুজ হোসেন।
তবে ২৭ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। থিয়াগোর লং পাশ থেকে বল পান সাঈদ আলী রেজা। কিন্তু গোলকিপার এগিয়ে এসেও নিয়ন্ত্রণে নিতে না পরার সুযোগে ফাঁকা পোস্টের আলতো টোকায় বল জালে জড়িয়ে ব্রাদার্সকে লিড এনে দেন সাঈদ আলী রেজা।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আক্রমণের ধার বাড়ায় আবাহনী। ম্যাচের ৪২ মিনিটে বক্সের ভেতর থেকে আলামিনের নেওয়া বুলেট গতির শট হাত লাগিয়ে প্রতিহত করেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার মোহাম্মদ রাজিব। পরের মিনিটেই সানডের হেডার লাফিয়ে উঠে তালুবন্দি করেন রাজিব। ফলে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় সমতায় ফেরা হয়নি আবাহনীর। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আবাহনী। ৫৭ মিনিটে ইয়াসিনের পাস থেকে জোরালো শটে ব্রাদার্সের জাল কাপান রবিউল হাসান। এতে ১-১ গোলে সমতায় ফেরে আবাহনী।
৬০ মিনিটে ওদোয়ার সঙ্গে চ্যালেঞ্জে জড়িয়ে মাটিতে পড়ে যান বাবাতুঙ্গে। অন্য পাশে মঈন আহমেদকে ফেলে দেন জনাথন সান্তানা। এরপর সান্তানাকে ধাক্কা দেন আবাহনীর অ্যান্থনি ওকাচি। পাল্টা ধাক্কায় ওকাচিকেও ফেলে দেন ব্রাদার্সের সান্তানা। দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও বাকবিতন্ডার একপর্যায়ে ওকাচি ও সান্তানা দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।
তবে আবারো লিড নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাদার্সকে। ৭৬ মিনিটে জামাল ভূইয়ার বাড়ানো বল থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ২-১ গোলে এগিয়ে দেন সাঈদ আলী রেজা।
ম্যাচের ৮০ মিনিটে সজিবের দুরপাল্লার শট ঠেকিয়ে দেন ব্রাদার্সের গোলকিপার রাজিব। দুই মিনিট পর আমির আলির ক্রস থেকে বাবলুর হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পিছিয়ে পড়ে আক্রমনের ধার বাড়ালেও গোলের দেখা না পাওয়ায় ব্রাদার্সের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই দলটিকে।
৪ ম্যাচে দুই জয় আর একটি করে ড্র ও পারাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আবাহনী লিমিটেড। আর ৫ ম্যাচে এক জয় ও দুটি করে ড্র ও পারাজয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে ব্রাদার্স ইউনিয়ন।
Comments