বরগুনায় ইসলামী আন্দোলনের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ঘোষণা
আসন্ন স্থানীয় নির্বাচনে বরগুনা জেলার উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাই সমর্থিত এ প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করা হয়।
বরগুনা জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা শাখার সভাপতি ও বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহর সভাপতিত্বে এই প্রার্থী ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত প্রার্থী তালিকায় জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ, এমপি, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম আকন এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মোঃ ফারুক খান যৌথভাবে অনুমোদন ও স্বাক্ষর করেন।
সংবাদ সম্মেলনে সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ (এমপি) বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সৎ, যোগ্য ও পরহেজগার প্রার্থীদের মনোনীত করেছে। এলাকায় ন্যায়বিচার, সামাজিক ইনসাফ ও দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠায় সাধারণ জনগণ ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনোনীত প্রার্থীদের তালিকা অনুযায়ী বরগুনা জেলায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বরগুনা সদরে বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ আব্দুস শুকুর, আমতলী উপজেলায় আমতলী উপজেলা সভাপতি মুফতী ওমর ফারুক জেহাদী, তালতলী উপজেলায় তালতলী উপজেলা প্রধান উপদেষ্টা মাওঃ মোঃ আফজাল হোসেন, বেতাগী উপজেলায় বেতাগী উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মাওঃ মোঃ ইউসুফ এবং পাথরঘাটা উপজেলায় পাথরঘাটা উপজেলা সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন বরগুনা সদর পৌরসভায় জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মিজানুর রহমান কাসেমী, পাথরঘাটা পৌরসভায় জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ মুনিরুল ইসলাম, আমতলী পৌরসভায় আমতলী উপজেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ কামরুজ্জামান এবং বেতাগী পৌরসভায় বেতাগী পৌর সভাপতি মাওঃ মনিরুজ্জামান মানিক। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বামনা উপজেলা থেকে জেলা সহ-দাওয়া ও জনশক্তি সম্পাদক মাওঃ মোঃ নুর হোসেন এবং তালতলী উপজেলা থেকে জেলা সহ-প্রচার সম্পাদক এইচ এম হারুন অর রশীদকে মনোনীত করা হয়েছে।
বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থীরা হলেন আমতলী উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়নে ইউনিয়ন প্রধান উপদেষ্টা রাজিবুল হাসান ইসলাম, ২নং কুকুয়া ইউনিয়নে ইউনিয়ন উপদেষ্টা মাওঃ ফজলুল হক, ৩নং হলদিয়া ইউনিয়নে ইউনিয়ন সভাপতি মাওঃ হেলাল উদ্দিন, ৪নং আমতলী ইউনিয়নে উপজেলা সদস্য মৌলভী শাহ আলম মৃধা এবং ৫নং আরপাঙ্গাছিয়া ইউনিয়নে ইউনিয়ন সভাপতি মাওঃ আব্দুল মান্নান।
তালতলী উপজেলার ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নে উপজেলা নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হাফেজ মোঃ ইদ্রিস মিয়া, ২নং ছোটবগী ইউনিয়নে ইউনিয়ন সভাপতি হাফেজ মোঃ হারুন অর রশীদ, ৩নং কড়ইবাড়ীয়া ইউনিয়নে ইউনিয়ন উপদেষ্টা মোঃ আব্দুর রশিদ, ৪নং শারিকখালী ইউনিয়নে জেলা নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মোঃ ফারুক খান, ৫নং বড়বগী ইউনিয়নে উপজেলা সভাপতি মাওঃ মোঃ শাহাদাত হোসেন, ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়নে ইউনিয়ন সদস্য মোঃ সাইফুল্লাহ এবং ৭নং সোনাঝাতা ইউনিয়নে উপজেলা সহ-সভাপতি মোঃ আবু জলিলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
পাথরঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নে ইউনিয়ন সভাপতি মোঃ শরিফুল ইসলাম, ২নং নাচনাপাড়া ইউনিয়নে ইউনিয়ন সভাপতি মোঃ গোলাম মাওলা, ৩নং কালমেঘ ইউনিয়নে উপজেলা প্রধান উপদেষ্টা মাওঃ এম এস সোহেল রানা, ৪নং পাথরঘাটা সদর ইউনিয়নে উপজেলা সহ-সভাপতি মুফতী হোসাইন আহমদ হেলালী এবং ৫নং কাঁঠালতলী ইউনিয়নে ইউনিয়ন সভাপতি মোঃ রাশেদুল ইসলাম ও জালাল আহমেদ গোলদার নির্বাচিত হয়েছেন।
বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নে ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মোঃ আব্দুল সবুর, ২নং হোসনাবাদ ইউনিয়নে ইউনিয়ন সভাপতি মাওঃ মোঃ হাফিজুর রহমান, ৩নং মোকামিয়া ইউনিয়নে ইউনিয়ন সহ-সভাপতি মাওঃ হাবিবুর রহমান, ৪নং বুড়ামজুমদার ইউনিয়নে উপজেলা প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মোঃ মোস্তাফিজুর রহমান এবং ৫নং সরিষামুড়ী ইউনিয়নে উপজেলা নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মোঃ ফোরকান সিকদার নির্বাচনে লড়বেন।
বামনা উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নে ইউনিয়ন সভাপতি শেখ মোঃ ওমর ফারুক, ২নং বামনা সদর ইউনিয়নে বামনা উপজেলা যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, ৩নং রামনা ইউনিয়নে বামনা উপজেলা সভাপতি মাওঃ মোঃ হারুন অর রশীদ এবং ৪নং ডৌয়াতলা ইউনিয়নে মোঃ এমদাদুল্লাহ আল মামুনকে চেয়ারম্যান পদপ্রার্থী করা হয়েছে।
Comments