বিকেল ৪টার মধ্যে পর্যটকদের সাজেক ছাড়া নির্দেশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। বর্তমানে সেখানে অবস্থানরত সব পর্যটককে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করে নিরাপদে গন্তব্যে ফিরতে হবে।
এর আগে গত ১১ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। সে সময় পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
পরে দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। ওই নির্দেশনা অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল।
তবে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও সাজেক ভ্যালি বন্ধের ঘোষণা এলো।
Comments