গাজীপুরে কার্টুন কারখানায় আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের ভেতরে থাকা কার্টুন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো, ডিবিএল ও মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের আরও ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, শনিবার সকালে কাশিমপুরের একটি পোশাক কারখানার ভেতরে থাকা কার্টন কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা কার্টন ও পোশাক তৈরির সুতা পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
Comments