চলতি মাস থেকেই বাড়ছে মূল বেতন, ভাতা বহাল থাকছে আগের হারেই
নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হলেও আপাতত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাড়ছে না। পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত চলতি বছরের ৩০ জুন কার্যকর থাকা হারেই বাড়িভাড়া, চিকিৎসাসহ অন্যান্য ভাতা পাবেন তাঁরা। তবে চলতি মাসের বেতন থেকেই নতুন বেতনকাঠামোর আওতায় বর্ধিত মূল বেতন পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীরা।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বর্ধিত বেতন পরিশোধের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১ জুলাই থেকে এটি কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর করা হবে।
এদিকে নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন নির্ধারণের কাজ চলছে। এ জন্য গত ৫ অক্টোবর থেকে সরকারি কর্মচারীরা সরকারের 'আইবাস++' ব্যবস্থার 'পে ফিক্সেশন' অপশনে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন, যা আগামীকালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। বেতন নির্ধারণের প্রক্রিয়া শেষ হলেই চলতি মাসের বেতনে নতুন মূল বেতন যোগ হয়ে আসবে।
Comments