‘১৭ বছর রাজপথে যাদের দেখেছি, তাদের মধ্য থেকেই প্রার্থী হবে’
চাঁদপুরের হাইমচর উপজেলায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রার্থী বাছাই নিয়ে নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেছেন, "১৭ বছর রাজপথে যাদের দেখেছি, তাদের মধ্য থেকেই প্রার্থী হবে।" দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় হাইমচর উপজেলা আদর্শ শিশু নিকেতনে উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী দেওয়া হবে। দলীয় সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে কিংবা নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ছাত্রদলের সঙ্গে জড়িত নেতাকর্মীরা চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হতে পারবেন না; বরং তাঁরা দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করবেন। বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মী ইউনিটপ্রধানের দায়িত্বে রয়েছেন, নির্বাচনে অংশ নিতে হলে তাঁদের পদ থেকে অব্যাহতি নিয়ে প্রার্থী হতে হবে।
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নেতাকর্মীদের অতীত কর্মকাণ্ড, ত্যাগ ও যোগ্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, কে মাদকের বিরুদ্ধে কী ভূমিকা রেখেছেন, কে কী অন্যায় করেছেন, সেসব বিষয় খতিয়ে দেখা হবে। বিভিন্ন দরবার থেকে কে কত টাকা নিয়েছেন, সেই বিষয়গুলোও যাচাই করা হবে। প্রার্থীদের নিজেদের যোগ্যতা সম্পর্কে আত্মসমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যেককে ভাবতে হবে—তিনি কতটুকু যোগ্য এবং জনগণের প্রত্যাশা পূরণে কতটা সক্ষম।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ফেলে দেননি। দলীয়ভাবে সবাইকে মূল্যায়ন করা হবে। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। হাইমচরে তারেক রহমানের চিন্তাভাবনা ও পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী।
এ সময় হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. কাইয়ুম।
Comments