দিনমজুরের আড়ালে স্বর্ণ ১ কোটি ৩৫ লাখ টাকার পাচার, এক ব্যক্তি আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ৭০০ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার সময় তাঁকে আটক করা হয়।
আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ৬ বিজিবির আওতাধীন মুন্সিপুর বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার আল-আমিনের নেতৃত্বে টহল দলটি সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশে স্বর্ণ পাচারের চেষ্টার খবর পায়।
পরে সেখানে অভিযান চালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে স্বর্ণ নিয়ে যাওয়ার চেষ্টাকালে দবির উদ্দিনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
Comments