ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চালু হচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় 'মহানগর এক্সপ্রেস' ট্রেনটির রুট সম্প্রসারণ করে এবার তা কক্সবাজার পর্যন্ত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবর থেকে নতুন এই সেবা চালু হলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন স্টেশনের যাত্রীরা কোনো ধরনের ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যাতায়াত করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানান, ২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত সেবা চালুর জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা এই ট্রেনটি কক্সবাজার পর্যন্ত যাবে। তবে 'কক্সবাজার এক্সপ্রেস' বা 'পর্যটক এক্সপ্রেস'-এর মতো এটি বিরতিহীন নয়, বরং নির্দিষ্ট স্টেশনে থেমে যাত্রী ওঠানামা করাবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, ফিরতি পথে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যায় ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
যাত্রাপথে ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি দেবে। ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ সুবিধায় ভ্রমণের সুযোগ থাকছে। তবে নতুন এই সূচি কার্যকর হলে কিছু ক্ষেত্রে স্টেশনের বিরতিতে সামান্য পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
Comments