যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন মার্কিন সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে দেশটির কাছ থেকে বাংলাদেশের আরও বেশি আর্থিক ও নীতিগত সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৪ অক্টোবর) ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা এবং দুই দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক ও সহায়তা-সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও কথা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্র থেকে তেমন সহায়তা পাওয়া যায়নি, তবে বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রচুর এয়ারক্রাফট, তেল, সয়াবিনসহ বিভিন্ন পণ্য ও কমোডিটি আমদানি করছে। দুই দেশের সম্পর্কের এই নতুন প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখন বাড়তি সহায়তা আসা উচিত এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হয়েছে।
বর্তমান সরকারের অর্থনৈতিক নীতির বিষয়ে অর্থমন্ত্রী জানান, তারা ঋণের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ ও যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দিচ্ছেন। এ লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে এবং বাংলাদেশ এই পথেই এগিয়ে যেতে চায়।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপরও এর প্রভাব পড়ছে। তাই এই সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাঙ্ক্ষিত সহায়তা না পেলে আর কবে পাওয়া যাবে—সে বিষয়টি মার্কিন প্রতিনিধিদলকে জোরালোভাবে বলা হয়েছে। এখন এই প্রত্যাশিত সহায়তা বাস্তবে কতটা ও কীভাবে পাওয়া যায়, সেটাই দেখার বিষয় বলে জানান মন্ত্রী।
Comments