জলবায়ু পরিবর্তনে বেশি ভোগান্তির শিকার উপকূলীয় নারীরা: পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উপকূলীয় অঞ্চলে মানুষের মাঝে নানা রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে জরায়ু ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারীরা— এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি, কতটা প্রস্তুত উপকূলের স্বাস্থ্যব্যবস্থা' শীর্ষক এক জাতীয় প্রচার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সেবা এবং সুপেয় পানির সুব্যবস্থা করা গেলে স্থানীয় মানুষ দারুণভাবে উপকৃত হবে।
উপকূলের অনেক স্থানে গভীর বা অগভীর নলকূপ বসিয়েও সুপেয় পানি পাওয়া যায় না। তাই বৃষ্টির পানি সংরক্ষণের (রেন ওয়াটার হার্ভেস্টিং) ব্যবস্থা করা গেলে সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব হবে।
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কাজ করার ক্ষেত্রে বিভিন্ন এনজিও বা বেসরকারি সংস্থার মধ্যে সুনির্দিষ্ট সমন্বয় থাকা জরুরি। সঠিক সমন্বয়ের মাধ্যমেই কেবল মানুষের প্রকৃত চাহিদা ও সমস্যার সমাধান করা সম্ভব।
সবশেষে তিনি বলেন, মানুষের কল্যাণে ও সেবায় নিবেদিত হয়ে কাজ করলে তবেই দেশ ও দেশের মানুষ ভালো থাকবে।
Comments