ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ নয়: অর্থমন্ত্রী
আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিকীকরণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ঘোষণা দিয়েছেন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না; এটি সরকারের একটি সুচিন্তিত ও সচেতন সিদ্ধান্ত।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার পূর্বাণী হোটেলে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক চাপ ও দলের নেতাকর্মীদের বিভিন্ন আবদারের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, 'আমার ওপর অনেক চাপ আছে। আপনারা জানেন, ১৭ বছর পর একটি দল যখন ক্ষমতায় আসে, তখন স্বাভাবিকভাবেই নানা চাপ আসে—অমুককে বোর্ডের সদস্য করতে হবে, চেয়ারম্যান করতে হবে। কিন্তু নাথিং ডুয়িং। আমরা আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেব না।'
পুঁজিবাজার ও আইসিবির ভূমিকা
আইসিবির প্রতিষ্ঠার প্রেক্ষাপট স্মরণ করে মন্ত্রী বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার পর আইসিবি অধ্যাদেশের মূল ধারণা ছিল বাংলাদেশের অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে যাওয়া এবং পুঁজিবাজারকে সেই অর্থনীতির শক্ত ভিত্তি হিসেবে গড়ে তোলা। সাধারণ মানুষের সঞ্চয় আইসিবির মাধ্যমে বিনিয়োগে রূপান্তর হয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে—এটাই ছিল এর মূল লক্ষ্য।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর ওপর জোর
দেশের বর্তমান শেয়ারবাজারের চিত্র তুলে ধরে আমির খসরু বলেন, সারা বিশ্বে ক্যাপিটাল মার্কেট মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নির্ভর হলেও বাংলাদেশে বাজারটি সম্পূর্ণ খুচরা বা রিটেল-বেসড হয়ে পড়েছে। এই রিটেল-বেসড বাজার থেকে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক বাজার তৈরি করার ক্ষেত্রে আইসিবির সামনে বিশাল সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, বেসরকারি খাতের উদ্যোক্তারা আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে চান। তাই যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আইসিবিকেও তাদের কার্যক্রমে নতুন কৌশল ও পরিবর্তন আনতে হবে।
Comments