হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিলেন সালমান মুক্তাদির
নিজের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ ভিডিও বার্তা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন মন্তব্যের জবাব দেন তিনি।
এর আগে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, সালমানের স্টুডিওতে হামলার ঘটনাটি জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে এবং তিনি ফেসবুকে অভিযোগ তুললেও কোনো মামলা করেননি। মন্ত্রীর এই দাবির কঠোর সমালোচনা করে সালমান নিজের অবস্থান পরিষ্কার করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবিকে 'হাস্যকর' উল্লেখ করে সালমান বলেন, ঘটনার দিন রাতে তিনি নিজে থানায় গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মামলা করতে পারেননি। উল্টো তিনি প্রশ্ন রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা থানা বা প্রশাসন যদি মামলা নিতে দেরি করে বা না নেয়, তবে এর দায় কার?
সালমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকায় এবং তার নাকের ডগায় এ ধরনের হামলা হওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে 'সামান্য ভাঙচুর' হিসেবে উপস্থাপন করেছেন এবং তাকে 'ভদ্রলোক' বলে সম্বোধন করেছেন—এটির সমালোচনা করে সালমান বলেন, এটি কোনো ছোট ঘটনা নয়। দেশের শিল্প, সংস্কৃতি এবং তরুণদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্বহীনভাবে দেখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারের কাছে কোনো আর্থিক সহায়তা বা স্টুডিও বানিয়ে দেওয়ার দাবি তার নেই উল্লেখ করে সালমান বলেন, তিনি নিজের সামর্থ্যেই সব ঠিক করে নিতে পারবেন। তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর জবাব সরকারকে দিতেই হবে।
উল্লেখ্য, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মিরপুরের ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করলেও পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Comments