নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি ও আ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আবাসস্থল হিসেবে নির্ধারিত হোটেলের বাইরের প্রধান সড়কে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্থানীয় সময় গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এই ঘটনায় ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে সেখানে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
গত কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল ও এর আশপাশের এলাকায় সরকারের পক্ষে নিয়মিত আনন্দমিছিল ও স্লোগান দিয়ে আসছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যার দিকে প্রথমবারের মতো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাস্তার অপর পাশে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করেন।
দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মীরা স্থান ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর আগে গত রবিবার (২১ সেপ্টেম্বর) জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল, সেসময়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করতে হয়েছিল।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে সরকারপ্রধান হিসেবে তাঁর প্রথম ঐতিহাসিক ভাষণ দেওয়ার কথা রয়েছে।
Comments