শুধু পোশাক নয়, পুজোর শপিংয়ে থাকুক ঘর সাজানোর এই ৫ জিনিস
পুজো মানেই নতুন পোশাক, সাজগোজ আর জমিয়ে কেনাকাটা। উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই বাজারে বাড়তে শুরু করেছে ভিড়। পুজো উপলক্ষে উইকএন্ডে শপিংয়ের পরিকল্পনা করছেন অনেকেই। তবে নিজের জন্য কেনাকাটার পাশাপাশি উৎসবের আবহ ঘরেও আনতে পারেন। অল্প কিছু পরিবর্তনেই বদলে যেতে পারে অন্দরমহলের চেহারা। বাজেটের মধ্যে ঘর সাজাতে পুজোর শপিং তালিকায় রাখতে পারেন এই পাঁচ ধরনের জিনিস।
পর্দায় আনুন নতুনত্ব
ঘরের রং বদলাতে গেলে খরচ যেমন বেশি, তেমনই বাড়ে ঝক্কিও। তার চেয়ে সহজ উপায় হল জানলার পর্দা বদলে ফেলা। ঘরের দেওয়ালের রঙের সঙ্গে মানানসই পর্দা বেছে নিন। গাঢ় রঙের পর্দা ঘরে আনতে পারে উষ্ণ ও প্রাণবন্ত ভাব, অন্যদিকে হালকা রঙের পর্দায় ঘরকে আরও খোলামেলা মনে হতে পারে। সামান্য এই পরিবর্তনেই অন্দরসজ্জায় আসতে পারে নতুন আমেজ।
নতুন চাদর ও কুশন কভার
পুজোর আগে বিছানার চাদর এবং কুশন কভার বদলে ফেললেও ঘরের সাজে বেশ বড় পরিবর্তন আসে। উৎসবের আমেজের সঙ্গে মানিয়ে উজ্জ্বল রঙের চাদর বেছে নিতে পারেন। কুশন কভারে ব্যবহার করতে পারেন নতুন নকশা বা প্যাটার্ন। তবে ঘরের দেওয়াল, পর্দা, বিছানার চাদর ও কুশন কভারের রঙে সামঞ্জস্য থাকলে পুরো ঘরটিই আরও পরিপাটি দেখাবে।
আলোর সাজে উৎসবের আমেজ
পুজোর সময় ঘরে আলো না থাকলে উৎসবের আবহ যেন কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। তাই অন্দরসজ্জায় যোগ করতে পারেন ছোট ল্যাম্প, ফেয়ারি লাইট বা ডেকোরেটিভ লাইট। ঘরের পুরনো বা কম আলো দেওয়া বাল্ব থাকলে সেগুলিও বদলে ফেলুন। সঠিক আলো ঘরের পরিবেশকে আরও উজ্জ্বল ও আকর্ষণীয় করে তুলতে পারে।
ছোট সাজসজ্জার সামগ্রী
ঘর সাজাতে সব সময় দামি শোপিস বা বড় কোনও ডেকোরেশন কিনতে হবে, এমন নয়। ছোট ছোট কিছু জিনিসও ঘরের চেহারায় বড় পরিবর্তন আনতে পারে। পুজোর শপিংয়ে রাখতে পারেন মোমবাতি, ফোটো ফ্রেম, ছোট ফুলদানি কিংবা সাজানো ফুল। চাইলে ছোট আকারের ইন্ডোর প্ল্যান্টও রাখতে পারেন। ঘরের বিভিন্ন জায়গায় এগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলেই বদলে যাবে অন্দরসজ্জার আবহ।
বাসনপত্রেও আসুক উৎসবের ছোঁয়া
ঘর সাজানোর পাশাপাশি দৈনন্দিন ব্যবহার্য বাসনপত্রেও আনতে পারেন নতুনত্ব। পুজো উপলক্ষে কিনতে পারেন সেরামিকের ডিনার সেট, কাপ-প্লেট বা সার্ভিং সেট। উৎসবের দিনে অতিথি আপ্যায়নের সময় এগুলো যেমন কাজে লাগবে, তেমনই পরবর্তী সময়ে অন্যান্য অনুষ্ঠানেও ব্যবহার করা যাবে। ফলে সাজসজ্জার পাশাপাশি প্রয়োজনীয় কেনাকাটাও হয়ে যাবে।
Comments