বাজারে এলো সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড
দৈনন্দিন জীবনে গ্রাহকদের বিভিন্ন সুবিধা দেওয়ার লক্ষ্যে 'সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড' চালু করেছে সিটি ব্যাংক। জামানত-ভিত্তিক ও জামানত-বিহীন দুইভাবেই পাওয়া যাবে কার্ডটি। দেশি ও আন্তর্জাতিক উভয় ধরনের লেনদেনের সুবিধা থাকছে এতে। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় সিটি ব্যাংকের হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্ডটির উদ্বোধন করা হয়।
সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং কর্পোরেশনের সাউথ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরিস অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেস-এর পরিচালক কুরুশ দাস্তুর ও সাউথ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপস-এর সিনিয়র ম্যানেজার পুনিত মাথুর কার্ডটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান মো. অরূপ হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কার্ড সদস্যদের জন্য রয়েছে বিভিন্ন ওয়েলকাম বেনিফিট। এর মধ্যে কার্ড চালুর প্রথম তিন মাসে নির্দিষ্ট খরচের ওপর সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ৫ শতাংশ ক্যাশব্যাক অথবা ৫ হাজার টাকা মূল্যের ট্রাভেল লাগেজ ভাউচার বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
ভ্রমণের ক্ষেত্রে কার্ড সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লাউঞ্জে সর্বোচ্চ দুজন সঙ্গী নিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এছাড়া প্রতি বছর বিশ্বজুড়ে নির্বাচিত কিছু বিমানবন্দরে 'প্রায়োরিটি পাস' লাউঞ্জ ব্যবহারের জন্য ১২টি ফ্রি ভিজিটের সুবিধা থাকছে। কার্ড সদস্য ও তার অতিথিরা নিজেদের মধ্যে এসব ভিজিট যেকোনোভাবে ভাগ করে নিতে পারবেন। লাউঞ্জে প্রতিবার প্রবেশ একটি ভিজিট হিসেবে গণ্য হবে।
কার্ডটির মাধ্যমে আন্তর্জাতিক এটিএম লেনদেনে নগদ অর্থ উত্তোলন ফি থাকছে না। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাইমারি কার্ড মেম্বারদের জন্য প্রতি ভিজিটে সর্বোচ্চ দুজন অতিথিসহ সৌজন্যমূলক 'মিট অ্যান্ড গ্রিট' সেবা রয়েছে। আন্তর্জাতিক বিমান টিকিট ও দেশের অভ্যন্তরে হোটেল বুকিংয়ে সাশ্রয় এবং গো-জায়ানের মাধ্যমে আন্তর্জাতিক টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ ভ্রমণ বিমা ও লাগেজ সুবিধাও থাকছে।
কার্ড মেম্বাররা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি 'মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট' অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ অথবা পয়েন্টসহ কেনাকাটার সুবিধা নেওয়া যাবে।
এছাড়া সপ্তাহান্তে বাংলাদেশের নির্বাচিত আন্তর্জাতিক হোটেল চেইনগুলোতে 'একটি কিনলে একটি ফ্রি' বুফে ডাইনিং সুবিধা রয়েছে। আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে ডাইনিং, কেনাকাটা, লাইফস্টাইল ও ভ্রমণ বিষয়ক অন্যান্য অফারও উপভোগ করতে পারবেন কার্ড সদস্যরা।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ বলেন, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে সহায়ক ও সুচিন্তিতভাবে প্রণীত আর্থিক সেবা বা সমাধান দেওয়ার ওপর সিটি ব্যাংক সবসময় গুরুত্ব দেয়। আন্তর্জাতিক পরিসরে ব্যবহারের সুবিধা, স্বাচ্ছন্দ্য এবং জীবনধারা ও ভ্রমণ সংক্রান্ত বিশেষ সুবিধার সমন্বয়ে 'সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড' সেই প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানান তিনি।
গ্লোবাল নেটওয়ার্ক অ্যান্ড পার্টনার সার্ভিস-এর ভাইস প্রেসিডেন্ট অনুরাগ গুপ্তা বলেন, কার্ড সদস্যরা দৈনন্দিন খরচ, ভ্রমণ ও জীবনযাত্রার চাহিদা পূরণে সেরা মূল্য দেয় এমন কিছু খোঁজেন। আমেরিকান এক্সপ্রেসের বিশ্বস্ত সেবার অভিজ্ঞতার সঙ্গে বিশেষ সুযোগ-সুবিধার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশে 'সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড' নিয়ে আসার লক্ষ্যে সিটি ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে তারা আনন্দিত।
Comments