সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। এ সময় স্পিকার তাকে সংসদে স্বাগত জানান এবং অন্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে উষ্ণ অভিবাদন জানান।
এর আগে গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় গত বুধবার (২ সেপ্টেম্বর) তিনি দেশে ফেরেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত ১২ মার্চ। অধিবেশন শুরুর ঠিক আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এবং পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসাধীন থাকায় তিনি সংসদের পূর্ববর্তী অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি। এমনকি রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি।
Comments