ফারজানা রুপার সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে তাঁর দুই সন্তানকে সাক্ষাতের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ফারজানার আইনজীবী সিফাত মাহমুদ গণমাধ্যমকে জানান, বর্তমানে অসুস্থ অবস্থায় ফারজানা রুপা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাইব্যুনালের আদেশের ফলে তাঁর এক ছেলে ও এক মেয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারবেন।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলাটি করা হয়। ৪১ আসামির এই মামলায় ফারজানা রুপা ছাড়াও বর্তমানে ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন।
শাহরিয়ার কবিরের ভার্চ্যুয়াল শুনানির আবেদন এদিকে একই মামলায় গ্রেপ্তার অপর আসামি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ট্রাইব্যুনালে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। আজ ট্রাইব্যুনালে তাঁকে হাজির করা হলেও এ বিষয়ে কোনো শুনানি হয়নি। আদালত আগামী ১৬ সেপ্টেম্বর এই আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
লতিফ সিদ্দিকীর জামিন আবেদন অন্যদিকে, এই মামলারই আরেক আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষ থেকে আজ জামিনের আবেদন করা হয়। তবে আজ এ বিষয়েও শুনানি হয়নি। পরবর্তী ধার্য তারিখে তাঁর জামিন আবেদনের ওপর শুনানি হবে। আজ তাঁকেও কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
Comments