১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা
চলমান গ্যাস সংকটের মধ্যেই সেপ্টেম্বর মাসের জন্য লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজিতে দাম ১ টাকা ৩ পয়সা কমানো হয়েছে।
এর ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকায় দাঁড়িয়েছে, যা গত আগস্ট মাসে ছিল ১ হাজার ৫৯৮ টাকা। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
বিইআরসি জানায়, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষণা অনুযায়ী প্রোপেন ও বিউটেনের (৩৫:৬৫ অনুপাতে) গড় সৌদি সিপি (কার্গো মূল্য) প্রতি মেট্রিক টন ৬৪৭.৭৫ ডলারে দাঁড়িয়েছে। এর সঙ্গে জাহাজভাড়া, বিপণনকারীদের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৩০ পয়সা ধরে এই দাম সমন্বয় করা হয়েছে।
অন্যান্য আকারের সিলিন্ডারের দাম: ৫.৫ কেজি: ৭২৭ টাকা, ১২.৫ কেজি: ১,৬৫২ টাকা, ১৫ কেজি: ১,৯৮২ টাকা,
১৬ কেজি: ২,১১৩ টাকা, ১৮ কেজি: ২,৩০০ টাকার ওপরে (নির্দিষ্টভাবে ২,৩৭৮ টাকা),২০ কেজি: ২,৬৪২ টাকা, ২৫ কেজি: ৩,৩০৩ টাকা, ৩০ কেজি: ৩,৯৬৪ টাকা, ৪৫ কেজি: ৫,৯৪৫ টাকা।
গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমে প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি কোম্পানির ১২.৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রয়েছে।
গত জুলাই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে এক লাফে দাম ৭০ টাকা বাড়ার পর চলতি মাসে সামান্য কমলেও জুলাইয়ের তুলনায় ভোক্তাকে এখনও সিলিন্ডারপ্রতি ৫৭ টাকা বেশি গুনতে হচ্ছে। পাইপলাইনের গ্যাসের তীব্র সংকটের কারণে রান্নার কাজে সাধারণ মানুষের এলপিজির ওপর নির্ভরতা বাড়ায় এই মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি মধ্যবিত্তের বাজেটে পড়ছে।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার পুরোনো অভিযোগের বিষয়ে কমিশন কঠোর বার্তা দিয়ে জানিয়েছে—মজুদ, বোতলজাতকরণ, পরিবেশক কিংবা খুচরা—কোনো পর্যায়েই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না।
Comments