মান-অভিমান ভুলে এবার একসাথে রাজ- মিমি
টলিউডে পুরনো সম্পর্কের টানাপোড়েন ও মান-অভিমান পেছনে ফেলে তারকাদের ফের একসঙ্গে কাজ করার ঘটনা নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর নাম। দীর্ঘ ১১ বছরের বিরতির পর রাজ চক্রবর্তীর প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাবে সাড়া দিয়েছেন মিমি।
একসময় পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর জুটি টলিউডে বেশ জনপ্রিয় ছিল। তাদের একসঙ্গে করা 'বোঝে না সে বোঝে না', 'প্রলয়' ও 'যোদ্ধা'সহ বেশ কিছু সিনেমা দর্শকদের প্রশংসা পেয়েছে।
২০১৫ সালে মুক্তি পাওয়া 'কাটমুণ্ডু' সিনেমায় রাজের পরিচালনায় সর্বশেষ অভিনয় করেছিলেন মিমি। এরপর ব্যক্তিগত ও পেশাগত নানা সমীকরণের কারণে তাদের আর একসঙ্গে দেখা যায়নি। কেটে গেছে প্রায় এক যুগ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ বিরতির পর এবার দুই পক্ষের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা প্রতিষ্ঠান 'রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স' থেকে একটি নতুন সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছে মিমিকে।
জানা গেছে, একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। চিত্রনাট্য এবং নিজের চরিত্র পছন্দ হওয়ায় প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছেন মিমি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেপ্টেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। দীর্ঘ বিরতির পর রাজের প্রযোজনা সংস্থার সঙ্গে মিমির এই নতুন কাজের খবর ঘিরে টলিউডে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
একসময় পর্দায় যাদের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, সেই রাজ-মিমির পেশাগত সম্পর্কের নতুন অধ্যায় দুই বাংলার সিনেমাপ্রেমীদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।
Comments