সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের অপর একটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় প্রাঙ্গণে দুই পক্ষের সমর্থকদের মধ্যে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থী আইনজীবীরা বেশ কিছুদিন ধরে নানা কর্মসূচি ও আন্দোলন চালিয়ে আসছেন। তাদের সুনির্দিষ্ট অভিযোগ, বিভিন্ন অনিয়মের মাধ্যমে এবং অর্থের বিনিময়ে অ্যাটর্নি কার্যালয়ে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে তারা অ্যাটর্নি জেনারেলের পদত্যাগও দাবি করে আসছেন।
এরই মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ঘিরে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা চরম আকার ধারণ করে, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়।
এদিকে ঘটনার পর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত বিএনপিপন্থী আইনজীবীরা অভিযোগ করে বলেন, বিচার অঙ্গনকে অস্থিতিশীল করে তোলার জন্য দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট শক্তির নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। নিয়োগবঞ্চিতদের আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, বিচার অঙ্গনে এ ধরনের যেকোনো ধরনের অরাজকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
Comments