সেপ্টেম্বরে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে
ভোক্তা পর্যায়ে স্বস্তি নিশ্চিত করতে সেপ্টেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে পুরো সেপ্টেম্বরজুড়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে দাম সমন্বয়ের এই বিষয়টি নিশ্চিত করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী সেপ্টেম্বর মাসের জন্য আগের মূল্যহারই বহাল রাখা হলো।
১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে পুরো মাসজুড়ে প্রতি লিটার জ্বালানি তেল নিম্নলিখিত মূল্যে বিক্রি হবে। ডিজেল: ১১৫ টাকা, কেরোসিন: ১৩৫ টাকা, অকটেন: ১৪৫ টাকা, পেট্রল: ১৪০ টাকা
বিশ্ববাজারের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি বিভাগ প্রতি মাসে ভোক্তাপর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে থাকে। এর আগে গত ১ জুন ডিজেল বাদে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিল। পরবর্তীতে জুলাই ও আগস্ট মাসের মতো সেপ্টেম্বর মাসেও জ্বালানির দাম বাড়ানো থেকে বিরত থাকল সরকার।
Comments