নতুন বেতন স্কেলের অনুমোদন দিলো মন্ত্রিসভা
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই পে-স্কেলের অনুমোদন দেওয়া হয়।
নতুন পে-স্কেল অনুযায়ী সর্বনিম্ন ১০০ শতাংশ এবং সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পাচ্ছে। নতুন কাঠামোতে প্রথম গ্রেডের (গ্রেড-১) মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী, দেশের সামষ্টিক অর্থনীতি ও বাজেট ব্যবস্থাপনার ওপর চাপ এড়াতে এই নতুন পে-স্কেল মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে:
প্রথম ধাপ: চলতি বছরের ১ জুলাই থেকে মূল বেতনের ৩০ শতাংশ কার্যকর হবে।
দ্বিতীয় ধাপ: আগামী বছরের জানুয়ারি (বছরের শুরু) থেকে আরও ৩৫ শতাংশ কার্যকর করা হবে।
তৃতীয় ধাপ: পরবর্তী অর্থবছরের জুলাই মাসে মূল বেতনের অবশিষ্ট অংশ এবং একই অর্থবছরের জানুয়ারিতে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতাগুলো পুরোপুরি বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টদের মতে, ধাপে ধাপে এই পে-স্কেল বাস্তবায়নের ফলে একদিকে যেমন সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও প্রত্যাশা পূরণ হবে, অন্যদিকে সরকারের বাজেট ব্যবস্থাপনায় বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
Comments