নতুন পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়: চার ধাপে বাড়বে বেতন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। দুই অর্থবছরে মোট চার ধাপে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হতে পারে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য এই সুপারিশগুলো উপস্থাপন করার কথা রয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমে পে-স্কেলের বাড়তি ব্যয় নির্বাহ করা হবে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও কর্মচারীদের প্রত্যাশার কথা মাথায় রেখে ধাপে ধাপে এটি কার্যকরের কৌশল নেওয়া হয়েছে। বর্তমান ২০টি গ্রেড রেখেই নতুন পে-স্কেল চূড়ান্ত করা হচ্ছে। তবে বৈষম্য এড়াতে গ্রেডের সংখ্যা কমানোর দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন পে-স্কেলের গেজেট জারি হতে পারে। চাকরিজীবী ও পেনশনভোগী মিলিয়ে মোট সুবিধাভোগীর সংখ্যা হবে ২০ লাখের কিছু বেশি।
চার ধাপে বেতন ও ভাতা বৃদ্ধির পরিকল্পনা
সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, দুই অর্থবছরে চার ধাপে মূল বেতন ও ভাতা কার্যকর করার রূপরেখা তৈরি করা হয়েছে:
প্রথম ধাপ: চলতি বছরের ১ জুলাই থেকে মূল বেতনের ৩০ শতাংশ কার্যকর করা হবে।
দ্বিতীয় ধাপ: আগামী বছরের শুরু থেকে মূল বেতনের আরও ৩৫ শতাংশ কার্যকর করা হবে।
তৃতীয় ধাপ: পরবর্তী অর্থবছরের জুলাই মাসে মূল বেতনের অবশিষ্ট অংশ যোগ হবে।
চতুর্থ ধাপ: ওই একই অর্থবছরের জানুয়ারিতে বাড়িভাড়া ও অন্যান্য ভাতাগুলো বাস্তবায়ন করা হবে।
Comments