জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো বিদিশা সিদ্দিককে
প্রতারণার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে (বিদিশা এরশাদ) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলের ওই মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে এই নির্দেশ দেন বিচারক।
আজ বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে আসামির পক্ষে জামিন চান আইনজীবী আতিকুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম জামিনের তীব্র বিরোধিতা করে তাকে জেলহাজতে পাঠানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার প্রেক্ষাপট ও সাজা
বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী। মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালে বিদিশা সিদ্দিক ওই ব্যবসায়ীকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখিয়ে ৮০ লাখ টাকায় বিক্রির চুক্তি করেন। পরবর্তীতে বনানীর একটি অফিস থেকে ৭৫ লাখ টাকার পে-অর্ডার নিলেও ফ্ল্যাট হস্তান্তর বা চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ওই মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
Comments