নজরুলের সঙ্গে তারেক রহমানের তুলনা চিফ হুইপের
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তিনি প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহের কবি। যুগে যুগে নজরুল জন্ম নেন না, তবে তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তিনি মানুষের মাঝে বেঁচে থাকেন। আজকের বাংলাদেশে অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। আমাদের নজরুল তারেক রহমান।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে অন্যায়, নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। আয়নাঘর, গুম, জেল-জুলুম ও নির্যাতনের মতো ঘটনা মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং কঠিন সময়েও মানুষের পাশে থেকেছেন।
তিনি বলেন, নজরুল যুগে যুগে জন্ম নেন না। আমরা যে নজরুলকে পেয়েছি, তাঁকে অবহেলা করলে আর ফিরে পাওয়া যাবে না। একইভাবে দেশের মানুষের কল্যাণে তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন, তা উপলব্ধি করে তাঁর পাশে দাঁড়ানো প্রয়োজন।
চিফ হুইপ বলেন, কাজী নজরুল ইসলামের লেখায় সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি, অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র্য ও মানুষের অধিকারের বিষয় উঠে এসেছে। তিনি নিপীড়িত ও বঞ্চিত মানুষের কথা বলেছেন। এ কারণে বাঙালি জাতি ও বাংলাদেশ নজরুলের কাছে চিরঋণী।
নজরুলকে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কবি হিসেবে সীমাবদ্ধ করা যায় না উল্লেখ করে তিনি বলেন, তিনি সব মানুষের কবি। তাঁর সাহিত্যে যেমন দ্রোহ রয়েছে, তেমনি রয়েছে প্রেম, মানবতা ও মানুষের মৌলিক অধিকারের কথা। জীবদ্দশায় নজরুলকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাই শুধু মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে তাঁকে স্মরণ না করে তাঁর আদর্শ ও মানবিক চেতনাকে জীবনে ধারণ করতে হবে।
দেশের বিদ্যমান সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে দেশকে এগিয়ে নিতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণকে ধৈর্য ধরার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একসময় দুর্ভিক্ষ ও সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। দেশকে এগিয়ে নিতে তাঁর অবদান স্মরণীয়। বর্তমান বাংলাদেশকেও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল মালিক এবং প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ ছাড়া অধ্যাপক আব্দুল লতিফ মাসুম ও নাট্যকার বাবুল আহমেদ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments