ব্রুকলিনে বন্দুকধারীর গুলি, বাংলাদেশি রেস্তোরাঁকর্মী নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি ফাস্টফুডের দোকানে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রাউনসভিল এলাকার 'আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা' রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা। তিনি ওই রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ঠিকানার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় এক বন্দুকধারী রেস্তোরাঁয় ঢুকে হঠাৎ গুলি চালায়। এতে রাজু ও সেখানে থাকা আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর ব্যক্তির পায়ে গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কাছের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। পায়ে গুলিবিদ্ধ অপর বাংলাদেশির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিউইয়র্কের ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতের পর রকাওয়ে অ্যাভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছে ওই রেস্তোরাঁর ভেতরে ৪৪ বছর বয়সী এক কর্মী গুলিবিদ্ধ হন। একই ঘটনায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তি ডান পায়ে গুলিবিদ্ধ হন। চিকিৎসাকর্মীরা তাঁদের হাসপাতালে নিয়ে গেলে ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা যায়নি। তবে একাধিক স্থানীয় প্রতিবেদনে নিহত ব্যক্তিকে রেস্তোরাঁটির কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, রাজুর মৃত্যুর খবর পেয়ে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।
ব্রুকলিনে সহিংসতার ধারাবাহিকতা
ব্রুকলিনে সহিংসতার এক সপ্তাহের মধ্যেই নতুন করে এই গুলির ঘটনা ঘটল। এর আগে শুক্রবার রাতে ইস্ট নিউইয়র্কে নাইচার পিংক হাউসের বাইরে ২৭ বছর বয়সী গুরদীপ সিংকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ধারণা করছে, সড়কে বিরোধ বা 'রোড রেইজ' থেকে ওই সংঘর্ষের সূত্রপাত হতে পারে।
পুলিশের তথ্য অনুযায়ী, পিৎজা ডেলিভারি দিতে যাওয়ার সময় ক্রিসেন্ট স্ট্রিট ও স্ট্যানলি অ্যাভিনিউয়ের কাছে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গুরদীপ সিংয়ের বুক ও পেটে সাতটি গুলি করা হয়। হামলাকারী গাড়ি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায়ও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এর আগে বুধবার রাতে ইস্ট নিউইয়র্কের হাকিমসে ১৭ বছর বয়সী অহমীর জর্ডানকে মাথায় গুলি করে হত্যা করা হয়। শনিবার নিউইয়র্ক পুলিশ বিভাগ ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন দুই ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে। তবে তাদের কাউকেই এখনো গ্রেপ্তার করা যায়নি।
Comments