সন্ত্রাস-মাদক নির্মূলে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২২ আগস্ট) সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করলেও তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় আরও কিছু কাজ বাকি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাসীদের নির্মূল করতে চায়। ঢাকা মহানগর ও অন্যান্য মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে। দায়িত্ব পালনে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে। তাদের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
Comments