‘কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা এবং গতি গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কাজের গতি আরও বাড়ানো এবং কার্যক্রম সহজভাবে পরিচালনার লক্ষ্যেই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন' শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে মন্ত্রণালয়ের কার্যক্রম আগের ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়েছে। এ সময়ে প্রায় তিনটি নতুন উইং চালু করা হয়েছে। অভিবাসন ব্যবস্থাপনা ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে। আগে এ ধরনের কাঠামো ছিল না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কার্যক্রমে ব্যস্ত থাকতে হবে। এ কারণে মন্ত্রণালয়ের কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী সবাই সমন্বিতভাবে কাজ করবে।
মক্কা প্যাক্টে বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা উদ্যোগে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে।
তিনি বলেন, কোনো জোট বা বহুপাক্ষিক সংস্থায় বাংলাদেশ যোগ দেবে কি না, সে সিদ্ধান্ত সরকারই নেবে। এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে বাংলাদেশের গণমাধ্যমকে সবার আগে জানানো হবে। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত কোনো তথ্যের ভিত্তিতে বাংলাদেশের নীতিনির্ধারণ প্রভাবিত হবে না।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
Comments