মন্ত্রিসভায় রদবদল: এক মন্ত্রণালয়ে ২ প্রতিমন্ত্রী
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল হয়েছে। নতুন দায়িত্ব বণ্টনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন দায়িত্ব পালন করবেন দুই প্রতিমন্ত্রী- শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের সময় শামা ওবায়েদ ইসলাম প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেননি। বর্তমানে তিনি ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক।
অন্যদিকে হুমায়ুন কবির নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শুক্রবার (২১ আগস্ট) নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পর তাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দায়িত্ব যুক্ত হওয়ায় দেশের ইতিহাসে এবারই প্রথম একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।
হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংক্রান্ত উপদেষ্টার দায়িত্বও পালন করবেন।
এদিকে নতুন চার পূর্ণ মন্ত্রীর মধ্যে রয়েছেন আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার শূন্য পদ পূরণ ও দায়িত্ব পুনর্বণ্টনের অংশ হিসেবেই এবারের এই রদবদল করা হয়েছে।
Comments