নায়করাজের স্মরণে আবেগঘন শাকিব খান
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি রাজ্জাকের সঙ্গে নিজের স্মৃতি এবং তার প্রতি শ্রদ্ধার কথা তুলে ধরেছেন।
শাকিব খান তার পোস্টে জানান, নায়করাজকে হারানোর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার শূন্যতা এখনো অনুভব করেন তিনি। রাজ্জাককে শুধু একজন সফল অভিনেতা হিসেবে নয়, বরং চলচ্চিত্র অঙ্গনের অভিভাবক, অনুপ্রেরণার উৎস এবং স্নেহের আশ্রয় হিসেবে স্মরণ করেন শাকিব।
রাজ্জাকের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে শাকিব বলেন, তার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে নায়করাজের বিশেষ প্রভাব ছিল। তিনি সবসময় স্নেহ, পরামর্শ ও ভালোবাসা দিয়ে আগলে রাখতেন।
শাকিবের ভাষ্য, দীর্ঘদিন দেখা না হলেও রাজ্জাক অনেকটা অভিভাবকের মতোই বুঝতে পারতেন তিনি কেমন আছেন বা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তাই নায়করাজকে হারানোর কষ্ট তার কাছে অত্যন্ত ব্যক্তিগত এবং একজন অভিভাবককে হারানোর মতোই বেদনাদায়ক।
শাকিব আরও বলেন, রাজ্জাক আজ নেই, কিন্তু তার দেওয়া স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনো পথচলায় অনুপ্রেরণা জোগায়।
বাংলাদেশের চলচ্চিত্রে নায়করাজের অবদানের কথা স্মরণ করে শাকিব খান বলেন, দেশের চলচ্চিত্র যতদিন টিকে থাকবে, ততদিন মানুষের হৃদয়ে নায়করাজ রাজ্জাকও বেঁচে থাকবেন। শ্রদ্ধা ও ভালোবাসায় কিংবদন্তি এই অভিনেতাকে স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করেন তিনি।
Comments