যেভাবে গণনা হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
দীর্ঘ ৩৫ বছর পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে ভোট শুরু হয়েছে। দুপুর ২টায় শুরু হয়ে এই ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে।
ইসির নির্দেশনা অনুযায়ী, সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয়ের সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
ভোট দিয়ে ব্যালটটি সংসদ কক্ষে সংরক্ষিত ব্যালট বাক্সের ভেতরে রাখতে হবে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা। সব ভোট আগে শেষ হলে নির্ধারিত সময়ের আগেও গণনা শুরু করা যেতে পারে।
যেভাবে গণনা হবে
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা শুরু হবে। প্রথমে কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও কতটি বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোট রয়েছে। সংসদ ভবনের নির্ধারিত বুথে আসন নম্বর অনুযায়ী সংসদ সদস্যরা ভোট দেবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
Comments