পাকিস্তানে সব ধরনের অপারেশনের আগে বাধ্যতামূলক করা হলো এইচআইভি পরীক্ষা
পাকিস্তানে এইচআইভি বা এইডসের সংক্রমণ বর্তমানে একটি অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ১৫ বছরে দেশটিতে এইচআইভি সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে সিন্ধু সহ বিভিন্ন অঞ্চলে শত শত শিশু ও সাধারণ মানুষ দূষিত বা পুরোনো সিরিঞ্জের মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে।
এইচআইভি সংক্রমণ ঠেকাতে এবার সক্রিয় হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ত্বক কাটা বা ছিদ্র করে করা সব ধরনের অস্ত্রোপচারের আগে এইচআইভি পরীক্ষা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (১৯ আগস্ট) দেশটির ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামাল এ নির্দেশ দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে মন্ত্রী বলেন, অনিরাপদ ইনজেকশন, দুর্বল সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও রক্তের নিরাপত্তায় ঘাটতির কারণে চিকিৎসাকেন্দ্র থেকে এইচআইভি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই দেশজুড়ে অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাকিস্তানের সিন্ধু, পাঞ্জাব ও ইসলামাবাদে ইতোমধ্যে অস্ত্রোপচারের আগে এইচআইভি পরীক্ষা চালু রয়েছে। এবার বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও গিলগিট-বালতিস্তানেও এটি বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী এইচআইভিতে আক্রান্ত শিশুদের পুষ্টি, মানসিক সহায়তা ও কল্যাণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন।
Comments