একইদিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, চার স্তরের কঠোর নিরাপত্তা
দেশের দুই শীর্ষ রাজনৈতিক নেতার একই দিনে চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বন্দরনগরীতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আজকের এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উভয়েই চট্টগ্রামে অবস্থান করবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম পৌঁছাবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তবে দলটির পক্ষ থেকে তাঁর কর্মসূচির সুনির্দিষ্ট সময়সূচি ও স্থান এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং আর্থিক অনুদান প্রদান করবেন। মণ্ডপ পরিদর্শন শেষে একটি হোটেলের অডিটোরিয়ামে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফর এবং শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর ও জেলায় চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, এসএসএফ, আনসার ও বিজিবির ২০ হাজারেরও বেশি সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
নগরীর প্রায় ২ হাজার ৬০০টি পূজামণ্ডপে নিয়মিত পরিদর্শনের পাশাপাশি মোবাইল টিম, টহল গাড়ি এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ স্ট্রাইকিং ফোর্সও।
এদিকে দুই ভিআইপির সফরকে সামনে রেখে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং ফুটপাত দখলমুক্ত করার কাজ জোরেশোরে চলছে।
Comments