কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে ইসলামী ব্যাংক
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের 'দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম'-এ অংশগ্রহণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর সঙ্গে ইসলামী ব্যাংকের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ১৬ আগস্ট ২০২৬, রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ এবং বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর একেএম সাইদুজ্জামান, কৃষি ঋণ বিভাগ-২ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময়ে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা ও যুগ্ন-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন এবং ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ আমান উল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০,০০০ কোটি টাকার এ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে। এ স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতে অর্থায়নের মাধ্যমে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি হবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে শরিয়াহভিত্তিক বিনিয়োগের মাধ্যমে দেশের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে কৃষি উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোগ ও গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
Comments