সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৮, তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে সরকার থাকবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মালিকপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ইতোমধ্যে ইয়ার্ড মালিকপক্ষ নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
আমির খসরু বলেন, ঘটনাস্থলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।
এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে একে একে আটজনের মৃত্যু হয়। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিহত সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সীতাকুণ্ডের ভাটিয়ারীর সানী জলদাশ (২২), পলাশ জলদাশ (২৭), মুনছুর আলী (৪০), নাসির উদ্দিন (৩৮), জামালপুরের হাবীবুর রহমান, গাইবান্ধার খোকন ও আব্দুল আমীল রানা।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মহসিন।
ইয়ার্ড মালিক ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে সরকারি সহায়তার বাইরে ইয়ার্ডের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।
হাসপাতালে মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
Comments