দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
দুর্নীতি বন্ধের প্রথম শর্ত হলো রাজনৈতিক নেতাদের নিজে দুর্নীতিমুক্ত হওয়া। রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতিমুক্ত না হলে রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয় এবং আমরা ব্যর্থ হব বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে সামলানো আপনাদের জন্য এমনিতেই একটি বড় চ্যালেঞ্জ, আর বিগত নানা অনিয়ম সেই পথকে আরও বন্ধুর করে তুলেছে। এই পরিস্থিতি মোকাবিলায় আপনাদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার কথা তুলে ধরে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করা—এটি কোনোভাবেই সহ্য করা হবে না। আবার কোনো প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সঙ্গে জড়িয়ে পড়ছেন, এমন ঘটনাও মেনে নেওয়া যায় না।"
শৈলকুপা উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
Comments