রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৫১৮
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ডিএমপির মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৩ জন, লালবাগ বিভাগে ৬১ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, রমনা বিভাগে ৪৮ জন, গুলশান বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৩২ জন গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের অভিযানে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ৪ হাজার ৬৩৬ টাকা, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
Comments