লালবাগ কেল্লায় ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী
রাজধানীর ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও 'ঢাকা দিবস' উপলক্ষে আগামী ২৯ আগস্ট ঐতিহাসিক লালবাগ কেল্লায় বসছে 'হৃদয়ে ঢাকা ৪১৬' উৎসব। এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসব্যাপী এই উৎসবের কর্মসূচি ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, ২৯ আগস্ট বিকেল ৪টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান প্রাঙ্গণে গাছের চারা রোপণ, বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন এবং লালবাগ কেল্লা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। শিশুদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা, তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রদর্শন, ঢাকাভিত্তিক বিভিন্ন বইয়ের প্রদর্শনী এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্টল।
ঢাকার দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে ১৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
ঐতিহ্যবাহী সাইকেল র্যালি ও ম্যারাথন দৌড়
-
নাট্য উৎসব ও নৌকাবাইচ
-
পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী
-
'দ্য গ্রেট ঢাকা সেল' ও 'লাভ লেটার টু ঢাকা' ক্যাম্পেইন
-
ঐতিহ্যবাহী শোভাযাত্রা (২৮ আগস্ট)
-
লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, 'ঢাকা আড্ডা' ও সাংস্কৃতিক সন্ধ্যা (৩০ আগস্ট)
-
আলমগঞ্জ জেটিতে 'পঞ্চায়েতি আড্ডা'র মাধ্যমে সমাপ্তি (৫ সেপ্টেম্বর)
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার পথচলা শুরু হয়। পরবর্তীতে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক পৌর প্রশাসনের যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রূপান্তরিত হয়। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই ১ আগস্টকে 'ঢাকা দিবস' হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানসহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সাক্ষী এই শহর। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ঢাকাকে একটি পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সিটি করপোরেশন।
ঢাকার বর্তমান বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় ঢাকার নাম থাকা কোনোভাবেই গৌরবের বিষয় নয়। নগরবাসী ঢাকাকে নিজেদের আবাসস্থল হিসেবে ভালোবেসে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় এগিয়ে এলেই কেবল এই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন সম্ভব।
Comments