জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আলোচনা, এলএনজি আমদানিতে গুরুত্ব
জ্বালানি খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্ব আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেছে উভয় পক্ষ।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান। এ সময় দূতাবাসের অর্থনৈতিক কর্মকর্তা জোসেফ বসকিও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি এবং সরকার টু সরকার (জিটুজি) সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আসন্ন প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে এই দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা আরও বেগবান করার বিষয়ে মতবিনিময় করেন প্রতিনিধিরা। পাশাপাশি দেশের জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
আলোচনা ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে দ্রুত আরও বৈঠকের আহ্বান জানান, যাতে সহযোগিতার প্রক্রিয়াটি আরও দ্রুত ত্বরান্বিত হয়। মার্কিন প্রতিনিধি এরিক গিলান বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
Comments