বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
চীনের বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে বেইজিংয়ের ঐতিহাসিক 'গ্রেট হল অব দ্য পিপল'-এ এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্থানীয় সময় সকাল ১০:৪০ মিনিটে শুরু হওয়া এই বৈঠকটি প্রায় আধা ঘণ্টা স্থায়ী ছিল।
বৈঠকের আগে বেইজিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন সাংবাদিকদের জানিয়েছিলেন, চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন।
কর্মকর্তাদের সূত্রমতে, বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে রয়েছে, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন,পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা
এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে এবং সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। সফরের প্রথম ধাপে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে তিনি চীনে পৌঁছান। বেইজিং সফরে তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল, বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। ওই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি দুই নেতার উপস্থিতিতে ১৩টি সমঝোতা স্মারক সই হয়।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সকাল ৯টা ১৫ মিনিটে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বিকেলে বেইজিং ছাড়ার আগে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর চার দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Comments