আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি: চার বছরের বেশি থাকা যাবে না
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের প্রচলিত ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে 'ডিউরেশন অব স্ট্যাটাস' সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদের ভিসা চালুর নীতিগত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন আইন ও ব্যবসা বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ ল-এর এক সাম্প্রতিক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানা গেছে।
হোয়াইট হাউসের 'অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট' ইতিমধ্যেই এই চূড়ান্ত প্রবিধানের পর্যালোচনা সম্পন্ন করেছে, যা আইনটি আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের ঠিক আগের ধাপ।
যুক্তরাষ্ট্রের বর্তমান ভিসা নীতি এবং প্রস্তাবিত নতুন নীতির মধ্যে মূল পার্থক্য হলো অবস্থানের নির্দিষ্ট মেয়াদকাল। বর্তমানে 'এফ' (F) ক্যাটাগরির ভিসা পাওয়া শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স চলমান থাকা এবং ভিসার শর্ত মেনে চলা সাপেক্ষে, কোর্স শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন।
প্রস্তাবিত নীতিমালার আওতায় 'ডিউরেশন অব স্ট্যাটাস' বাতিল করা হলে, অধিকাংশ শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ চার বছর অবস্থানের সময়সীমা নির্ধারণ করা হতে পারে। যদি কোনো শিক্ষার্থীর পড়ালেখা শেষ করতে চার বছরের বেশি সময় লাগে, তবে তাঁকে দেশে ফেরার আগে অভিবাসন কর্তৃপক্ষের কাছে নতুন করে মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করতে হবে।
যেসব ভিসায় প্রভাব পড়বে
নতুন এই নিয়মটি মূলত নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরির ভিসাধারী এবং তাদের ওপর নির্ভরশীলদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এফ (F) ভিসা: সাধারণ আন্তর্জাতিক শিক্ষার্থী। জে (J) ভিসা: এক্সচেঞ্জ ভিজিটর বা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী।আই (I) ভিসা: বিদেশি গণমাধ্যম প্রতিনিধি ও সাংবাদিক।
ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ২০২৫ সালে প্রথম এই পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব করেছিল। মূলত: প্রথম ট্রাম্প প্রশাসনের মেয়াদেই এই নীতির পরিকল্পনা করা হলেও সে সময় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার হোয়াইট হাউসের পর্যালোচনা শেষ হওয়ায় যেকোনো মুহূর্তে এই চূড়ান্ত নিয়মটি কার্যকর হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
Comments