প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাগেরহাটে ব্যাপক প্রস্তুতি
আগামীকাল ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় আগমন ও বাগেরহাটের মহান সাধক হযরত খানজাহান আলীর মাজার জিয়ারত উপলক্ষে সম্ভাব্য সফরকে ঘিরে বাগেরহাটের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সফরকে সুশৃঙ্খল ও সফল করতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়মিত প্রস্তুতিমূলক সভা করছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে একাধিকবার মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম,জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন,বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। মাজার এলাকার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। এ সময় বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী মোংলা থেকে বাগেরহাটের খানজাহান আলী মাজার পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কের দুই পাশে জেলার সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বিশ্ব ঐতিহ্যের উপকূলীয় জেলা বাগেরহাটকে ঘিরে শুরু হবে নূতন নূতন পরিকল্পনা, মোংলা বন্দরের জেটি সম্প্রসারনের পাশাপাশি বন্দরের কার্যক্রম আরো গতিশীল করা,শিল্পাঞ্চল সম্প্রসারন, ইপিজেড সম্প্রসারন ও আধুনিকায়ন,বেজার কর্মকাণ্ড গতিশীল করা সহ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদকে ঘিরে বিশ্বমানের পর্যটন শিল্প প্রতিষ্ঠা করতে সকল ধরনের মাষ্টার প্ল্যান তৈরি হবে এমনটাই আশা করছে বাগেরহাটবাসী।
Comments