অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় ৮ জন গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তাঁদের মধ্যে দু'জনের বিরুদ্ধে অপর ছয়জনকে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য সহযোগিতার অভিযোগ রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এসআরবি-৯,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালায় এসআরবি-৯-এর শ্রীমঙ্গল সিপিসি-২-এর একটি দল। বিকেল সোয়া ৫টার দিকে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে একটি বসতঘর থেকে পালানোর চেষ্টা করলে আটজনকে আটক করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. হারিছ আলী (৩৫) ও মো. আবুল আলী (৪৫) অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য সহযোগিতা করছিলেন। তাঁদের কারও কাছেই ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃত অন্য ছয়জন হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের আমিনুর শরীফ (৪২) ও মো. মফিজুর শিকদার (৪৩), ধিরাই গ্রামের কামরুল মোল্যা (৪৬), ভুলবাড়িয়া গ্রামের ইয়ামিন মোল্যা (৪৫) ও সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা গ্রামের মো. জিহাদ সরদার (৪০)। অপর দু'জন কুলাউড়া উপজেলার সঞ্জরপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় The Bangladesh Passport Order,1973-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার আটজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments