সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
পোশাকশ্রমিকদের মূল বেতন নূন্যতম ৩০ হাজার করার দাবিতে অবরোধ ছিল ঢাকা-আরিচা মহাসড়ক। টানা ২ ঘন্টা অবরোধ থাকার পর যানবাহন চললাচল স্বাভাবিক হয়েছে। তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন। এতে সাংবাদি ও পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হন।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা ৩ দফা দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
Comments